দীর্ঘদিনের দাবী অবশেষে পূরণ হল সোমবার। একলাখী থেকে বালুরঘাট ট্রেন রুটের রামপুর বাজার ও বালুরঘাট ষ্টেশনে সিগনালিং ব্যবস্থার সূচনা হল এদিন। এদিকে ট্রেনের সিগনালিং-এর কাজ চলায় এদিন সকাল থেকে বালুরঘাট স্টেশন থেকে সব ট্রেন বাতিল করে দেওয়া হয়। যদিও পরে সিগনালিং ব্যবস্থা শুরু হওয়ার পর বিকেল থেকে পুনরায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল বলে খবর।
উল্লেখ্য, ২০০৪ সালে, একলাখী স্টেশন থেকে বালুরঘাট রেল লাইনের উদ্ধোধন করা হয়েছিল। পিছিয়ে পরা দক্ষিণ দিনাজপুর জেলায় সেই সময়ই কলকাতার সঙ্গে রেল পথে যোগাযোগ শুরু হয়। এরপর ট্রেনের সংখ্যা বাড়তে থাকে। বালুরঘাট-একলাখী রুট দিয়ে এই মুহুর্তে ৬টি ট্রেন যাতায়াত করে। রেল আসার ১৪ বছর পর্যন্ত সিগনালিং ব্যবস্থা না থাকায় প্রায়ই সমস্যা দেখা দিত ট্রেন চলাচলে। জেলার রেল উন্নয়ন সমিতি গুলি বালুরঘাটে সিগনালিং ব্যবস্থার দাবী জানায়। অবশেষে এদিন রামপুর বাজার থেকে বালুরঘাট প্রায় ১৯ কিলোমিটার ট্রেনের ট্র্যাকে চালু হল সিগনালিং ব্যবস্থা।
জানা গিয়েছে, এদিন বালুরঘাট স্টেশন থেকে উত্তর পূর্ব রেলওয়ের চিফ সিগনাল ও টেলিকম আধিকারিক যোগেন্দ্র কাটোচ সিগনালিং ব্যবস্থার সূচনা করেন। বালুরঘাট, রামপুর বাজার সহ কয়েকটি স্টেশনে সিগনালিং-এর জন্য প্রায় ১০ কোটি টাকা খরচ হয়েছে বলে খবর।
এবিষয়ে উত্তর পূর্ব রেলওয়ের চিফ সিগনাল ও টেলিকম আধিকারিক যোগেন্দ্র কাটোচ জানান, আগে মেকানিক্যাল সিস্টাম, রেলে বেস্ট সিস্টাম ছিল। কিন্তু সবশেষে আসে ইলেক্ট্রিক ইন্টার লকিং সিস্টেম। এই সিস্টেমটি সবচেয়ে উন্নত, এটা অ্যাডভান্স টেকনোলজি, এটাতে দুটি সিস্টেম থাকে, একটি ফেল হলে অপরটি একটিভ হয়ে যায়। এদিন এই সিগন্যালেরই সুচনা করা হয় এই দুই স্টেশনে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/6EPqeYiLf2A